বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আলী হোসেন নামে ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
আলী হোসেন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে এবং বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে মাঠে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়। স্থানীয়রা তাকে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।