নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক ১০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। অভিযান চলাকালে একটি কাটার ও দুটি ক্যারিং বডি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কাটার ও ক্যারিং বডি দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।