বরিশালে নির্মাণাধীন হাসপাতাল থেকে ৫০ লাখ টাকার তামার পাইপ চুরির অভিযোগ

বরিশাল নগরীতে নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবন থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের তামার পাইপ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল ভবনে অক্সিজেন লাইন স্থাপনের কাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির স্টাফ সজল মেহেদী। অভিযোগে বলা হয়েছে, নির্মাণাধীন ভবন থেকে প্রায় ২০০ ফুট তামার পাইপ চুরি হয়েছে।
সজল মেহেদী জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে গত দেড় বছর ধরে অক্সিজেন লাইন স্থাপনের কাজ করছে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল। সোমবার সকাল ৯টার দিকে ভবনে গিয়ে অক্সিজেন লাইনের পাইপ ভাঙা অবস্থায় দেখতে পান সজল মেহেদী। পাইপগুলো ভবনের বারান্দার এক পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তিনি। এরপর থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগে চুরি হওয়া তামার পাইপের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। পাইপ চুরির কারণে অক্সিজেন লাইন স্থাপনের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এ বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। তবে নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে ছয়জন নিরাপত্তাপ্রহরী দায়িত্ব পালন করেন বলে তিনি শুনেছেন। তার প্রশ্ন, নিরাপত্তাপ্রহরী থাকার পরও কীভাবে চুরির ঘটনা ঘটল।
অভিযোগ দেওয়ার কথা জানালেও পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করায় এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করার কোনো তথ্য পাওয়া যায়নি।
