logo

এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রাজিবকে হত্যা 

এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রাজিবকে হত্যা 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রাজিব হোসেন (১৪) দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফজু স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফার ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার পর থেকে রাজিব নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এর মধ্যে উপজেলার উদমারা এলাকা থেকে রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হলেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার দুপুরে ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রাজিবের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, একটি মোবাইল নম্বর থেকে ফোন করে রাজিবকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে তখন তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি জানা নেই।