সংখ্যালঘু নয়, সবার সমান মর্যাদা নিশ্চিত করতে চায় সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখতে চায় না। বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
শনিবার (১০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার তার দায়িত্ব পালন করছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের পর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদ্যাপন করা যায়, সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই স্বৈরাচারের দোসর কিংবা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।