ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া মোস্তাক সরকার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই জামায়াত নেতা একজনকে টাকা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকে। ওই সময় ওই জামায়াত নেতা মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করে। কিন্তু শেষ পর্যন্ত ওই জামায়াত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ভোটের আগে আমাদের জামায়াতের এজেন্ট ও স্বেচ্ছাসেবীদের খরচ দিতে হয়। সেই টাকাই আমাদের এক নেতা দিতে গিয়েছিল তখনই বিএনপির কিছু লোকজন ধাওয়া দিলে ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, জামায়াত নেতার ভোট কেনার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমাদের এসিল্যান্ড স্যার বিস্তারিত বলতে পারবেন।
এ বিষয়ে কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল্লা আল মামুন এশিয়া পোস্টকে বলেন, সাংবাদিকদের কাছ থেকে আমি ভিডিওটি দেখেছি। আমি এখন অন্য জায়গায় যাচ্ছি, এখানে কাজ শেষ করে তারপর ওখানে যাব। ভিডিও দেখে সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াত নেতা কি এখনও জনতার হাতে আটক আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটা সঠিকভাবে বলতে পারছি না। সরেজমিনে গিয়ে বিস্তারিত বলতে পারব।