logo

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত
মহাদেবপুর থানা। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামে ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার এনায়েতপুর এলাকার মদিনা পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ উত্তরে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। গুরুতর আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মনও একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ভ্যানচালক হীরেন চন্দ্র বর্মন যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে ভ্যানে করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথে নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগামী অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।