হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালিয়ে জনতার হাতে আটক আসামি

সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামি অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের হাতে আটক হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আটক আসামির নাম মো. আজমাইন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়ার সময় হাতকড়া পরা অবস্থাতেই আজমাইন কৌশলে পালিয়ে যান। পরে দৌড়ে তিনি শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হান বলেন, হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি বউবাজার দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে আটক করি এবং ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশাশুনি থানা থেকে আদালতে আনা এক আসামি পালিয়ে গিয়েছিলেন। পরে বউবাজার এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। আদালতের আইনি কার্যক্রম শেষে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
.png)

