চাঁদপুরে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) দুপুর ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার যায়ডুগি গ্রামের মো. ফরিদুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে রায়পুর বাড়িতে যাচ্ছিলেন হেলাল। ঘটনাস্থলে আসলে প্রচণ্ড ঝড়ে গাছ অটোরিকশার ওপরে পড়ে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, আহত হেলালকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়। কিছুসময় পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার বিষয় নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহতের সুরতহাল করা হয়েছে। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ যোগাযোগ করেনি।
