মোবাইল কেড়ে নেওয়ায় স্কুলছাত্রীর গলায় ফাঁস

মানিকগঞ্জের হরিরামপুরে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার ওই এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। জান্নাত আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, রোববার সকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। পরে তার মা অপর এক সন্তানকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, একজন অভিভাবক কিছুক্ষণ আগে তাকে ফোন করে নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী জান্নাত আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


