logo

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮) ও বাসের হেলপার আব্দুল আজিজ (২৫)। আজিজ দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও  এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথরবাহী ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুল আজিজ জানান, ভোর ৫টা ২৭ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা এলাকাবাসীর সহায়তায় আগেই নিজ দায়িত্বে স্থান ত্যাগ করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।