logo

রাজবাড়ীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩৬) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন। নিহত মোশারফ রাজবাড়ী সদর উপজেলার মহিষবাথান গ্রামের বাতেন মিয়ার ছেলে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত ইজিবাইকটি সড়কের পাশে পরে আছে। সড়কের ওপর চালককে চাপা দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে গেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।