‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি’

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেতের জমিতে গাঁজা চাষের অভিযোগে বিল্লাল মিজি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৫টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল মিজি ধান রোপণের সময় ক্ষেতে গাঁজা রোপণ করেন। গাছগুলো বড় হলে গোপনে পরিচর্যা চালিয়ে আসছিলেন তিনি।
অভিযুক্ত বিল্লাল মিজি বলেন, নিজের খেতের আইলে ৮-১০ হাত জায়গার মধ্যে তিনি এই গাঁজার গাছগুলো রোপণ করেন। তিনি আরও বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।