logo
Advertisement

অডিও ফাঁস, যোগদানের চার ঘণ্টায় নতুন এসপিকে ঢাকায় তলব

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজঝালকাঠি
অডিও ফাঁস, যোগদানের চার ঘণ্টায় নতুন এসপিকে ঢাকায় তলব
বদরুল আলম মোল্লা। ছবি : সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র চার ঘণ্টার মাথায় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি তলবে ঢাকায় ফিরে গেছেন। এ ঘটনাকে ঘিরে জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে, গত রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই প্রজ্ঞাপনের আলোকে তিনি সোমবার (৬ জুলাই) বিকেলে ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের প্রায় চার ঘণ্টা পরই সন্ধ্যায় আইজিপির জরুরি আদেশে তাকে ঢাকায় ফিরে যেতে হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ বদরুল আলম মোল্লার একটি মোবাইল কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে দাবি করা হয়, পুলিশ সুপার পদে নিয়োগকে কেন্দ্র করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের চুক্তি হয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়, নিয়োগের পর সেই অর্থ পরিশোধের কথা থাকলেও তা না হওয়ায় অডিওটি ফাঁস করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদ বদরুল আলম মোল্লা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বদলি সরকারের নিয়মিত সিদ্ধান্তে হয়েছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়টি বিকৃত ও বিভ্রান্তিকর। আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে।’

তিনি আরও দাবি করেন, ‘একটি জাতীয় দৈনিকের ঢাকা অফিসের সাংবাদিকের সঙ্গে আমার কথোপকথনের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’ ঘুষ লেনদেনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

বর্তমানে তিনি ঝালকাঠির দায়িত্বে আছেন কি না, এমন প্রশ্নের জবাবে বদরুল আলম মোল্লা বলেন, আমাকে আপাতত ‘ওয়েটিং ফর পোস্টিং’ (অপেক্ষমাণ) রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে, আমাকে কোন জেলায় দায়িত্ব দেওয়া হবে।

এ বিষয়ে জানতে বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।