logo

বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের ট্রাকচালককে মারধরের অভিযোগ

বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের ট্রাকচালককে মারধরের অভিযোগ
অভিযুক্ত নিরাপত্তাকর্মী জীবন ইসলামের সঙ্গে হাত মেলান মারধরের শিকার ট্রাকচালক প্রতীক রায়। ছবি : এশিয়া পোস্ট

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের এক ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে বন্দরের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ট্রাকচালক প্রতীক রায় (২৬) ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গাঁও থানার দলসিংপাড়া এলাকার উত্তম রায়ের ছেলে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বন্দরে প্রবেশের সময় গাড়ি সামনে-পেছনে নেওয়াকে কেন্দ্র করে প্রতীক রায়ের সঙ্গে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের নিরাপত্তাকর্মী জীবন ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ইসলাম ওই চালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে প্রতীক রায়সহ ভুটানের ২০ থেকে ২৫ জন ট্রাকচালক বিষয়টি জানাতে বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টে যান। সেখানে তারা বিএসএফের কাছে অভিযোগ করার বিষয়ে কথা বলেন। এ সময় উত্তেজনা দেখা দিলে চেকপোস্টের দায়িত্বে থাকা নায়েব সুবেদার মিরাজুল ইসলাম তাদের বুঝিয়ে স্থলবন্দরে পাঠিয়ে দেন। পাশাপাশি বিষয়টি সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরে অভিযুক্ত নিরাপত্তাকর্মী তার ভুল স্বীকার করে প্রতীক রায়ের কাছে ক্ষমা চান। দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়। এরপর আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

অভিযুক্ত নিরাপত্তাকর্মী জীবন ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় দুজনই আহত হয়েছেন। পরে তাদের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিরাপত্তাকর্মী তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভুটানের ট্রাকচালকেরা বিষয়টি বিজিবিকে জানালে তাদের স্থলবন্দরে ফিরে যেতে বলা হয়। পরে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের জন্য জানানো হয়। শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসা হয়েছে।