logo
Advertisement

সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে এক লাখ টাকা জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে এক লাখ টাকা জরিমানা
সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : এশিয়া পোস্ট

বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা, ব্লাড স্যাম্পলের ভুয়া রিপোর্টসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশযাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তিনি বলেন, তদন্তে কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার নেই। এমনকি কোনো পরীক্ষা না করেই কিংবা কোনো স্যাম্পল না নিয়েই বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

সহকারী পরিচালক আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না—এমন স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুনরায় এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

বিষয় :