রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।
শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও অগ্নিসংযোগের বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয়নি। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
