কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার।
রোববার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেছেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।
জানা গেছে, থানা রোড এলাকার নবাব বাড়ি মাংস বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা, মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারিকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি, উপাদান ইত্যাদি ব্যবহার না করা ও বেকারি পণ্যে হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহার করার অপরাধে ৮০ হাজার টাকা, চিরিংগা বাজার এলাকায় বোরহান স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ ইত্যাদি না থাকায় ২০ হাজার টাকা, হোটেল আল মদিনাকে মূল্য তালিকা প্রদর্শন না করা, কাঁচা ও রান্নাকরা খাবার একই সঙ্গে সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা এবং পিউরিয়া মিষ্টির দোকানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও মিষ্টিতে তেলাপোকা থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি, মুদি দোকান তদারকি করা হয়েছে। তারা মূল্য তালিকা প্রদর্শন করছে কি না, সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কি না ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।
জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে জানান তিনি।



