logo

নিজের মাছের ঘেরের পাশেই পড়ে ছিল মালিকের লাশ

নিজের মাছের ঘেরের পাশেই পড়ে ছিল মালিকের লাশ

কক্সবাজারের চকরিয়ায় একটি মাছের ঘেরের পাশ থেকে মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের বড় ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম মঞ্জুর আলম (৫০)। তিনি উপজেলার ডুমখালী এলাকার জাফর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মালুমঘাট এলাকার বড় ডুমখালী ঘোনা নামক চিংড়িঘের সংলগ্ন খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই জামাল হোসেন জানান, বড় ডুমখালী এলাকায় তাদের ৪ একর জমির একটি চিংড়িঘের রয়েছে। এটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি ঘের থেকে চিংড়ি ও অন্যান্য মাছ লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

নিহতের চাচা ইমাম হোসেন বলেন, ঘটনার ঘণ্টাখানেক আগে মঞ্জুরকে সতর্ক করেছিলাম। পরে ঘেরে শব্দ শুনে গিয়ে মঞ্জুরকে মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।