logo

সিলেটে ড্রেনের ভেতর থেকে ৭ ছিনতাইকারী আটক

সিলেটে ড্রেনের ভেতর থেকে ৭ ছিনতাইকারী আটক

ঈদকে সামনে রেখে সিলেটে সক্রিয় হয়ে ওঠছে অপরাধচক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর। রোববার (১ মার্চ) ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাত ছিনতাইকারীকে আটক করেছে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে চারটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা ধাওয়া খেয়ে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক ড্রেন ঘেরাও দিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন— মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাসপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে বসবাসকারী ইমন আহমদ, একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে বাসিন্দা রুবেল (২১), জেলার শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকার মালেক মিয়ার ছেলে ইমন (১৮), দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁওয়ের লাল মিয়ার ছেলে নগরের কাজীটুলা সুলতান মিয়ার কলোনীর বাসিন্দা শাহান আহমদ (১৮), সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকার আসুল আলমের ছেলে ইয়াসিন (১৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৮) এবং নগরের জল্লারপার এলাকার লিয়াকতের ছেলে শওকত মিয়া (৩০)।

আটকদের মধ্যে ইমন আহমদ, রুবেল, ইমন ও হৃদয় আহমদ নগরের ভাসমান নাগরিক।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।