গুলিবিদ্ধ মনিরুলকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ, এখনও মেলেনি সন্ধান

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। সেই আহত যুবকের খোঁজ মেলেনি এখনও।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে। খবর পেয়ে বিজিবির মেদেনীপুর ক্যাম্পের ওই সীমান্তে পৌঁছে সীমান্ত ও জনসাধারণের নিরাপত্তায় পাল্টা ফায়ার করে। এদিকে সীমান্তে গুলির শব্দ ও মনিরুলকে ভারতে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। গুলিতে আহত মনিরুলের পরিবারেরও চলছে আহাজারি।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ভারত সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে। একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে আহত মনিরুলকে আটক করে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। তবে তিনি জীবিত রয়েছেন নাকি মারা গেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আহত মনিরুল ইসলামকে ভারতের কৃষ্ণনগর জেলার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সীমান্ত এলাকার একাধিক সূত্রে জানা গেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
বিএসএফর গুলিতে আহত মনিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন বলেন, বিকেলে আমাদের গ্রামের খেলা হচ্ছিল। খেলা দেখা শেষে আমার স্বামী বাড়ি ফেরেন। পরে আমার অসুস্থ শ্বশুরের জন্য বটতলার বাজারে খাবার কিনতে যান। পরে আর বাড়ি ফেরেননি। রাতে লোকমুখে জানতে পারি আমার স্বামীকে গুলি করে ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। আমার স্বামীকে আমি সুস্থ জীবিত অবস্থায় ফেরত চাই।
এ বিষয়ে হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু মিয়া জানান, সন্ধ্যার পরপরই সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, মনিরুল ইসলামকে আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে বিএসএফ। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সন্ধ্যায় মেইন পিলার ৬১/১-এস-এর কাছে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা। পরে সীমান্ত ও জনসাধারণের নিরাপত্তায় পাল্টা ফায়ার করে মেদেনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল। ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।
