নির্বাচিত হয়েও বিসিবির পরিচালক পদ ছাড়লেন প্রতিমন্ত্রীর ছেলে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার এক দিনের মাথায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্ত।
সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণে দায়িত্ব পালন সম্ভব না বলে উল্লেখ করেছেন।
চিঠিতে সীমান্ত উল্লেখ করেছেন, রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। এ অবস্থায় বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় এবং দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান।
এর আগে, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।
