ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় ওসি আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে আটক করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়া থানার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে এনায়েতনগর ইউনিয়নের ওই আবাসিক এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির হোসেন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই ব্যক্তির বাড়ির সামনে অবস্থান নেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে রক্ষার জন্য ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতাকে সরিয়ে অভিযুক্তকে থানায় নেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে জাকির হোসেনকে নিয়ে বের হওয়ার সময় পেছন থেকে উত্তেজিত জনতার মধ্য থেকে ইটের টুকরো ছোড়া হয়। এ সময় একটি ইটের আঘাত ওসি মাহাবুব আলমের মাথায় লাগে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এশিয়া পোস্টকে বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে সেখানে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইট আমার মাথায় এসে লাগায় আমি কিছুটা আহত হয়েছি। তবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়নি। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
