সাবেক জামাইয়ের গুলিতে বিএনপি নেতা আহত

খুলনায় পারিবারিক কলহের জের ধরে সাবেক জামাই আবিরের গুলিতে ইকবাল শেখ (৪৬) আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।
আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ৩১নং ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। গুলিটি তার বাম পায়ে লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে হয় তালাক হয়। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
