পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে, বিএনপির প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে। বিএনপি সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জেলার রেল যোগাযোগের উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন মাঠে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, চমৎকার এই বিকেলে খুবই আনন্দ লাগছে। সম্পূর্ণ নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাব। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। তাই পাবনার দাবি অগ্রাধিকার পাবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।
পাবনার উন্নয়নে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা করে রেলমন্ত্রী বলেন, শিমুল বিশ্বাস আপনাদের হয়ে উন্নয়নের দাবি জানিয়েছেন। তিনি ওয়াই-টাইপ সেতু নির্মাণের জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। তারেক রহমানও এ সেতু নির্মাণে উদ্যোগী হয়েছেন। সেতুটির নির্মাণে আন্তর্জাতিক মহল থেকে বিপুল অর্থায়নের আগ্রহ রয়েছে। দ্রুততম সময়ে ওয়াই-টাইপ সেতুর কাজ সম্পন্ন করতে সরকার উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, পাবনার সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ওয়াই-টাইপ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও যেন উপস্থিত থাকতে পারি, সেই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতীসন্তান ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আবু আশরাফ প্রমুখ।
প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ উদ্বোধন উপলক্ষে বিকেল ৫টায় ট্রেনটি ছেড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।





