logo

বগুড়ায় জাপার ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়ায় জাপার ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই শতাধিক নেতাকর্মী। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় জাপার নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনি প্রচারণায় এই পথসভার আয়োজন করা হয়। 

জানা গেছে, পথসভায় ​জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সারিয়াকান্দি উপজেলা জাপার সভাপতি অধ্যক্ষ মোখছেদুল আলমের নেতৃত্বে অন্তত ২০০ নেতাকর্মীদের একটি দল ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। দলে যোগদানকারী নেতাকর্মীরা উপজেলা, পৌর, ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের সদস্য।  

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য জাপার নেতারা হলেন—উপজেলা জাপার সহসভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা সদস্য ও উপজেলা জাপা যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান বাবলা, সাংগঠনিক সম্পাদক শাহাদত জামান, পৌর জাপার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী, উপজেলা জাপার ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত। 

বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফার প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

​অনুষ্ঠানে জাপা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শিক্ষা ও স্বাস্থ্য বিপ্লবের। সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষকে জয়ী করলে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লেখা হবে।’

​ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে নির্বাচনি এই পথসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ। এ সময় আরও ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু ও সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম লিপনসহ স্থানীয় নেতারা।