দুর্গাপূজায় ৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চিঠিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১৬ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশের সরকারি ছুটির দিন হিসেবে বন্ধ থাকবে। তবে ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের মত স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে মোট ৯ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কেফাতুল ওয়ারেছ বলেন, বন্দর দিয়ে দূর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
