logo
Advertisement

চাঁদপুরে মাদক কারবারি ‘কানা জসিম’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,চাঁদপুর
চাঁদপুরে মাদক কারবারি ‘কানা জসিম’ গ্রেপ্তার
গ্রেপ্তার মাদক কারবারি মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিম। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের হাইমচরে ১৫ মামলার এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৩০ আগস্ট) রাতে হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার হাইমচর পল্লী বিদ্যুৎ সাবস্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দিন দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, হাইমচর থানার ওসির দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, প্রিয়লাল ঘোষ, সৌরভ দাশ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে জসিম উদ্দিনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরবর্তীতে তার পরিহিত লুঙ্গির পেছনের কোঁচায় থাকা সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, জসিম উদ্দিন হাইমচর থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামিও। গত ১৯ আগস্ট দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে।