জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করল ছেলে

জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছোট ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) দেড়টার দিকে এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে। এই ঘটনার পর এলাকাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে বাবার কবরের উপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। তার ছোট ভাই জমি কম দেওয়া কথা তুলে এই জায়গাটি নিজের বলে দাবি করেন।
স্থানীয়রা আরও জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। এমন ঘটনায় এলাকার লোকজনরা ধিক্কার জানাচ্ছেন।
এ ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি।
তবে এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এই ঘটনা সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা।