logo
Advertisement

জামালপুরে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
জামালপুরে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর পৌর বাস টার্মিনালের সামনে মহাসড়কের দুই পাশে বাস রেখে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। ছবি : এশিয়া পোস্ট

চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির পর মহাসড়কে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ করেছেন জামালপুরের পরিবহন শ্রমিকরা। এ সময় প্রায় আধা ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হলেও জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর পৌর বাস টার্মিনালের সামনে মহাসড়কের দুই পাশে বাস রেখে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় আধা ঘণ্টা পর দুপুর ১২টার দিকে সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হলেও জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধই রাখা হয়।

বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দেখা গেছে। অনেকেই ছোট যানবাহনে ময়মনসিংহ, মধুপুর কিংবা ধনবাড়ী পর্যন্ত গিয়ে সেখান থেকে ঢাকাগামী বাস ধরার চেষ্টা করছেন।

ঢাকাগামী যাত্রী মো. রফিকুল ইসলাম বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছি। টার্মিনালে এসে জানতে পারলাম বাস চলবে না। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আগে থেকে জানলে বিকল্প ব্যবস্থা করতে পারতাম।

টার্মিনালে অপেক্ষমাণ একাধিক যাত্রী অভিযোগ করেন, পরিবহন মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ সমস্যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও কর্মজীবীরা।

জানা গেছে, বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় 'রাজীব পরিবহন'-এর দুটি বাসে ভাঙচুর এবং চালক ও সহকারীদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দেয় জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। মারধর করা হয়েছে চালক ও সহকারীদের। পাশাপাশি তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং বাস চলাচল স্বাভাবিক করতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয় :