logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর ফিরছেন বাগেরহাটের বাড়িতে

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর ফিরছেন বাগেরহাটের বাড়িতে
বাগেরহাট জেলা কারাগার ফটকে প্রিজন ভ্যান। ইনসেটে বাদল ফরাজি। ছবি: এশিয়া পোস্ট

নামের মিলের কারণে ভারতের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ১৮ বছর কারাবন্দি থাকার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের বাদল ফরাজি। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কঠোর নিরাপত্তায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়েছে। সেখান থেকে এখন নিজ বাড়ি মোংলায় পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল এশিয়া পোস্টকে বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদল ফরাজিকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আজ নাকি আগামীকাল তাকে গ্রামের বাড়ি মোংলায় পৌঁছে দেওয়া সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Advertisement

প্রসঙ্গত, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল ফরাজি। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে বন্দি থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে সাজাভোগ করছিলেন তিনি।

ভারতের আদালতে দণ্ডিত হওয়ার পর বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাংলাদেশে সাজা ভোগ করছিলেন বাদল। তার প্যারোলে মুক্তির বিষয়ে ভারতের আদালতের অনুমতি নিতে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনের প্রার্থনা মঞ্জুর করেন। তবে প্যারোলের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণের নির্দেশনা দেন আদালত।

দিল্লি হাইকোর্টের আদেশের পর গত ১ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়। পরে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন। এরপর এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পান বাদল ফরাজি।