টিসিবি পণ্যের গুদামে আগুন, খালি হাতে ফিরলেন গ্রাহকরা

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নওহাটা কলেজ মোড়-সংলগ্ন ওই গুদাম থেকে আকস্মিক ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে তেল ছড়িয়ে পড়েছে। এ ছাড়া স্তুপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে কয়লায় পরিণত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে গুদামের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার সরকারি মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদামের ভেতরটা ঘিঞ্জি এবং সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (তেল) থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি তারা।
এদিকে টিসিবির পণ্য নিতে এসে চরম হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি বলেন, বুধবার এলাকায় মাইকিং করা হয়েছিল যে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টিসিবির পণ্য দেওয়া হবে। সেই খবর পেয়ে আজ পণ্য নিতে এসে দেখি গুদামে আগুন লেগে সব পুড়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গুদামে আগুন লাগার বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।