Advertisement

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
খাদিজা বেগম। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ জুন জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি খাদিজা বেগমের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর সঙ্গে কয়েকটি স্ক্রিনশট দ্রুত বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়।

২০২৪ সালে অভ্যুত্থানের পর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান খাদিজা বেগম। দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদের একাধিক সদস্যের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে নাগেশ্বরীর ইউএনও এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, শুধু ভিডিও ভাইরাল হওয়ার কারণে অব্যাহতি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।