নীলফামারীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর নিহ হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং তার স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশ ও মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ দুটি থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
-4e07dc.jpg)