logo
Advertisement

যমজ দুই বোনকে বিয়ে করলেন যমজ দুই ভাই

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
যমজ দুই বোনকে বিয়ে করলেন যমজ দুই ভাই
জমজ দুই ভাই মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বারের সঙ্গে জমজ দুই বোন সুমাইয়া আক্তার পাতা ও সোনিয়া আক্তার লতা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই বোনোর সঙ্গে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Advertisement

বুধবার (১৭ জুন) ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মো. নুরুল আলমের যমজ দুই ছেলের বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, জমজ দুই ভাই মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বার দুবাই প্রবাসী। মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তার পাতা এবং মো. আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তার লতার বিয়ে সম্পন্ন হয়।

তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যমজ নবদম্পতিদের একনজর দেখতে বিয়েবাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন।

স্থানীয়রা জানান, সাধারণত এই ধরনের বিয়ে সচরাচর দেখা যায় না। তাই বিয়ে দেখতে অনেক লোক এসেছে। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর তাদের দেখতে এসেছে। তবে বিষয়টি খুবই ভালো লেগেছে। দুই নবদম্পতি যাতে সুখী হয়, সে জন্য সবাই দোয়া করছেন।

জমজ দুই ভাই বলেন, আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে প্রবাসে থাকি। আমরা ছোটোবেলা থেকেই এক সঙ্গে বড়ো হয়েছি। আমাদের দুই ভাইয়ের ইচ্ছে ছিল আমরা যমজ দুই বোনকে বিয়ে করব। তার জন্য ফেসবুক গ্রুপ, মেসেঞ্জারে তথ্য আদান-প্রদানের মাধ্যমে জমজ দুই বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, তারা আমাদের বিয়ে করতে সম্মতি দিয়েছেন। আমরা দুই জমজ ভাই দুই যমজ বোনকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

যমজ দুই ছেলের বাবা মো. নুরুল আলম বলেন, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমি অনেক আনন্দিত। আমি আমার সন্তান ও নবদম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চাই।