যশোরেও বাজল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

যশোর শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বা মোড়ে হঠাৎ করেই মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের ব্যস্ত চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর হ্যান্ড মাইক রাখা অবস্থায় দেখা যায়।
সেই মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে থাকে। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও দোকানদারদের নজরে আসে। কিছু সময়ের মধ্যেই আশপাশের মানুষ জড়ো হয়ে পড়েন। মাইকটি কে বা কারা সেখানে রেখে গেছে তা নিয়ে কৌতূহল দেখা দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাইকটি সেখানে রেখে যাওয়ার সময় কাউকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ বা কোনো পক্ষ রাতের অন্ধকারে এসে প্রাচীরের ওপর হ্যান্ড মাইকটি রেখে ভাষণ চালু করে চলে যায়। ফলে মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তাদের কাছে আগে কোনো তথ্য ছিল না। তবে ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে।