logo

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বন্ধ করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বন্ধ করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালুর ড্রেজারসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ জ্বালিয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাত লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।

অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এশিয়া পোস্টকে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।