সীমান্ত থেকে বিষধর রাসেলস ভাইপার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী শিমুলতলা গ্রামের মাঠ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিমুলতলা গ্রামের মাঠে একটি ছাগলকে কামড় দেওয়ার চেষ্টা করছিল সাপটি। বিষয়টি কৃষক হাসান আলীর নজরে এলে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে আটক করে একটি খাঁচায় বন্দি করেন। এদিকে সীমান্তবর্তী এলাকায় এই বিষধর সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় করেন।
স্থানীয় পরিবেশবিদ বখতিয়ার হামিদ জানান, সাপটি রাসেলস ভাইপার প্রজাতির। এর আগে দামুড়হুদা ও জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলেও এদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা সুরেশ মিস্ত্রী জানান, তিনি বর্তমানে প্রশিক্ষণের কাজে চট্টগ্রামে অবস্থান করছেন। সাপ উদ্ধারের বিষয়টি শোনার পর রাতেই ওই গ্রামে বন বিভাগের কর্মী পাঠিয়ে সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিশেষজ্ঞের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সাপটি রাসেল ভাইপার।



