পাবনায় মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই বাড়িতে মেসে থাকতেন শিক্ষার্থী। পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকার একটি মেসে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম রাজমনি ইসলাম। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকার বাদশা মেসে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসের পাশের একটি নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা মেস মালিককে অবহিত করলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পাবনা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।