logo

শিমুল বাগান দেখা হলো না, পথে নিভে গেল চাচা-ভাতিজার প্রাণ

শিমুল বাগান দেখা হলো না, পথে নিভে গেল চাচা-ভাতিজার প্রাণ

সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২২ মার্চ) দুপুর ২টার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের আক্কল আলীর ছেলে আবুধাবি প্রবাসী সাইদুল ইসলাম (৩২) এবং তার ভাতিজা মৃত উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম প্রিয় (৩০)। আহত হয়েছেন সাইদুল ইসলামের চাচাতো ভাই আবু হানিফের ছেলে রাসেল মিয়া গুলজার (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন সাইদুল ইসলাম। ঈদ উদযাপন উপলক্ষে রোববার দুপুরে তিনি ভাতিজা ও চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। চালকের আসনে থাকা সাইদুল ইসলামের পায়ের হাড় ভেঙে গাছের ভেতরে ঢুকে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সফিকুল ইসলাম প্রিয়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুল ইসলামকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। আহত রাসেল মিয়া গুলজার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সফিকুল ইসলামের মৃত্যু হয়। সাইদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছিল।

নিহত সাইদুল ইসলামের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে তারা শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় একসঙ্গে চাচা-ভাতিজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।