নোয়াখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামের একটি বাড়ির পেছনে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাইসা ইলহান নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
নিহতের মেজ চাচা আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদ্রাসায় পড়াশোনা করত নুয়া।
তিনি আরও জানান, সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদ্রাসায় যায়। বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় লোকজন একটি বাড়ির পেছনে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার দাত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
