বোনের শাবলের আঘাতে প্রাণ গেল ভাইয়ের

লালমনিরহাটে চাচাত বোনের শাবলের আঘাতে গুরুতর আহত ভাই মারা গেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাত ভাই-বোনদের মাঝে জমি নিয়ে হামলায় সুমন আহত হন। সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
আটকরা হলেন—ওই এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তার জের ধরে শুক্রবার রাতে উভয়পক্ষের মাঝে বাগ্বিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমন মারা যান। এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।