দালালের মাধ্যমে রোগী আনায় ক্লিনিক মালিকের ছয় মাস জেল

বগুড়ায় একটি বেসরকারি ক্লিনিকে দালালের মাধ্যমে রোগী এনে অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ক্লিনিকটির মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) সামনে অবস্থিত রওশন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।
অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে ছিল বগুড়া সিভিল সার্জনের কার্যালয় ও জেলা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ক্লিনিকটি শজিমেক হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে বিভিন্ন লোভ দেখিয়ে নিয়ে অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা করাত। ক্লিনিকে উপস্থিত কয়েকজন রোগীর সাক্ষ্য নেওয়া হয়। ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, এসব অপরাধে রওশন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের পরিচালক ও মালিক মো. গোলাম রসুলকে আইন অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, একই অভিযানে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের জন্য সতর্ক করা হয়।





