logo

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বাড়িতে রাহিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহিমা খাতুন একই এলাকার লেপ-তোশকের ব্যবসায়ী বিল্লাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়ি ফেরেন। রাতের খাবারের পর তিনি ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়াকে (১৫) পাশের কক্ষে ঘুমানোর ব্যবস্থা করে দেন। স্বামী প্রতিদিনের মতো দেরিতে বাড়ি ফিরবেন এমন ধারণায় ঘরের দরজা তালাবদ্ধ না করেই নিজ কক্ষে শুয়ে পড়েন রাহিমা। রাত ১০টার দিকে কে বা কারা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাহিমার গলা কেটে তাকে হত্যা করে। 

এ সময় বারান্দায় রাখা একটি সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে মেয়ে সুমাইয়া বাইরে এসে রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে নিহতের স্বামী বিল্লাল হোসেনকে জানালে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে, কিছুই জানে না বলে জানান স্বামী।  

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।