সীমান্তে ভাঙাড়ি ব্যবসার আড়ালে পাচার হচ্ছিল স্বর্ণের বার

এবার সীমান্তে ভাঙাড়ি ব্যবসার আড়ালে স্বর্ণের বার পাচারের সময় মো. সেলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।
এর আগে গতকাল রোববার (১১ অক্টোবর) চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সেলিম হোসেন (৩৫) জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রী ছাউনির সামনে অভিযান চালানো হয়। এসময় একটি ভ্যানসহ ফেরিওয়ালা বেশে থাকা সেলিম হোসেনকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, পরে তার ভ্যানে থাকা মাইকের পেছনে ব্যাটারি রাখার স্থান তল্লাশি করে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর আনুমানিক ওজন প্রায় ৫৭৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণগুলো চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রীর পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
সে সময় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে তাকে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
