টেকনাফে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে গেল সশস্ত্র দুর্বৃত্তরা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লী চিকিৎসককে অপহরণ করার খবর পাওয়া গেছে।
রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত কামাল উদ্দিন ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন পল্লী চিকিৎসক এবং ‘বিএ কামাল’ নামেও পরিচিত।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস বলেন, দিনের বেলা এভাবে একজন মানুষকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।
পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং অপহৃত কামাল উদ্দিনকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ জানান, একদল সশস্ত্র ব্যক্তি পাশের পাহাড় থেকে নেমে কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান ও তদন্ত শুরু করেছে পুলিশ।






