সালিশে বসে দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মসজিদ মার্কেটসংলগ্ন হাজী বাড়ির সামনে এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হেয়ছে।
আহতদের মধ্যে রয়েছেন, মিনারা বেগম, নাহিদা আক্তার, সামছুদ্দিন, রাসেল, নুরুউদ্দিন, শাকিল, রাইসুল, নাহার, শরীফ, মফিজ। বাকিদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, আড়াই শতাংশ জমি নিয়ে একই বাড়ির বাসিন্দা মো. মফিজ ও মো. সাইদুলের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসে উভয়পক্ষ। সালিশ চলাকালীন বাগ্বিতণ্ডার একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তবে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন মো. মফিজ ও মো. সাইদুল।
ভোলা মডেল থানার ওসি (তদন্ত) জিয়া উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু দুপক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।