রাঙামাটিতে বাস উল্টে আহত ১৫

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য বাসটি রিজার্ভ করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
যাত্রী জুই চাকমা বলেন, প্রায় ৫০ যাত্রী নিয়ে বাসটি নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়।
আহত যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত বলে জানা গেছে।
চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অন্য যাত্রীদের বিকল্প বাসে করে চট্টগ্রামে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।