চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও মালিক

চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় অর্থ ফেরতসহ নিরীহ মানুষের হয়রানি বন্ধ এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের একটি অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম।
তিনি জানান, পলাতক এনজিও মালিক আব্দুল বাছেদ বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের আমানত সংগ্রহ করে এনজিও পরিচালনা করছিলেন। বোন-জামাই হওয়ায় আমিসহ আমার মা ও বাবাকে নির্বাহী কমিটিতে রাখে। কিন্তু অর্থনৈতিক কোনো লেনদেনে আমাদের সম্পৃক্ততা ছিল না। ২০২২ সালে বোন মারা যাওয়ার পর থেকে সে সব অর্থ নিয়ে পালিয়ে যায়। এরপরে আমাদের পরিবারের নামে ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এ সময় পলাতক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রেপ্তার করে টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ নিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে।