logo

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ‘জিআর’ চাল বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: এশিয়া পোস্ট

সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব দুর্গাপূজামণ্ডপে সরকারি ‘জিআর’ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি প্রান্তে সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যে সব ধরনের সতর্কতামূলক ও প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

উৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। যেসব হতদরিদ্র মানুষ অর্থাভাবে উৎসব উদযাপন করতে পারেন না, তাদের আর্থিক সহায়তা, বস্ত্র ও চাল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে, যাতে ধর্মীয় অনুশাসন অনুযায়ী পূজার প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন উল্লেখ করে তিনি আরও বলেন, আবহমানকাল ধরে এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ‘যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে’ সরকার এই নীতিতেই বিশ্বাস করে।

প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবারের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হবে।